আফগান যুবাদের সঙ্গে টাই করলো বাংলাদেশ

শেষ ওভারের রোমাঞ্চ

আফগান যুবাদের সঙ্গে টাই করলো বাংলাদেশ

ফন্ট সাইজ:

উত্তেজনা, স্নায়ুচাপ আর হূৎস্পন্দন বাড়িয়ে দেয়া এক রোমাঞ্চকর সমাপ্তি! ওমানের আল আমারাতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শেষ ওভারের নাটকীয়তায় ভরা ম্যাচটি টাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩০৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে রুবাই ইসলাম রিজনের চার-ছক্কার ঝড়ে শেষ বলের রোমাঞ্চে সমতায় শেষ হয় যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।


আল আমারাতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লড়াই চালিয়ে যায় জুনিয়র টাইগাররা। তবে মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে জয় থেকে বেশ দূরে সরে যায় দল। ৪৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৯০ রান।

জয়ের জন্য শেষ ৬ বলে বাংলাদেশের সামনে সমীকরণ দাঁড়ায় ১৫ রানের। আফগান বোলার আমির হামজার করা ওভারটির প্রথম বলে কোনো রান না এলেও দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে যান রুবায়েত ইসলাম রিজন। তৃতীয় বলটিতে দারুণ এক বাউন্ডারি হাঁকান তিনি। চতুর্থ বলে লং অনের ওপর দিয়ে এক চোখ ধাঁধানো ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন রিজন। পঞ্চম বলে দৌড়ে নেন জোড়া রান। ফলে শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন দাঁড়ায় মাত্র ৩ রান।

নাটকীয় ওই বলটিতে ব্যাটে-বলে সংযোগ না হলেও ব্যাটাররা বাই রান নিতে দৌড়ান। ফিল্ডারের থ্রো উইকেটে না লাগায় ১ রান পূর্ণ করে নাটকীয়ভাবে ম্যাচ টাই করতে সক্ষম হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অনবদ্য ৩৩ রানের এক ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রিজন। আফগানিস্তানের পক্ষে নূর আলী নিয়াজাই সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।​