বিপাকে অজয় দেবগন

বিপাকে অজয় দেবগন

ফন্ট সাইজ:

বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহুর বাংলোকে ঘিরে ফের বিতর্ক। বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেতার বাংলোর একাংশ ভেঙে দিল বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)। কাজ বন্ধের নির্দেশ দেওয়া সত্ত্বেও নির্মাণকাজ চলার অভিযোগে শুক্রবার এই পদক্ষেপ নেওয়া হয়। জুহুর কাপোলে কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত প্রায় ৭,৮০২ বর্গফুটের এই বাংলোয় বেশ কিছু পরিবর্তনের কাজ চলছিল বলে পৌরসভার দাবি। অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বাড়ির ভিতরে বিভিন্ন ধরনের নির্মাণ ও সংস্কারের কাজ করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৩৫৪এ ধারা অনুযায়ী কাজ বন্ধের নোটিশ জারি করে পৌরসভা।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশ জারির পরেও কাজ চলছিল বলে অভিযোগ ওঠে। এর পরেই শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে বিতর্কিত নির্মাণের একাংশ ভেঙে দেন পৌরকর্মীরা। অজয়ের ওই বাংলোয় একটি স্যালো ও স্পা তৈরির কাজ চলছিল। সম্পত্তিটিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের পরিকল্পনা নিয়েই মূল আপত্তি দেখা দেয়। প্রয়োজনীয় অনুমতিপত্র জমা না পড়ায় কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা যায়। অন্য দিকে, নোটিশের জবাব দেওয়ার জন্য দেবগন পরিবারের তরফ থেকে চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল।

বাংলোটিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন আবাসন সমিতির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের আশঙ্কা, সেখানে স্যালো ও স্পা চালু হলে বহিরাগতদের যাতায়াত বাড়বে। এর ফলে এলাকায় যানজট, পার্কিংয়ের সমস্যা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং শব্দদূষণ বাড়তে পারে। বিশেষ করে এলাকার সরু রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ে চিন্তিত স্থানীয়রা। তবে অজয় দেবগনের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি ছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি ও অনুমোদন নেওয়া হয়েছে। সেই দাবি সত্ত্বেও পৌরসভার অভিযানে বাংলোর নবনির্মিত অংশ ভেঙে ফেলা হল।