টলিউডে দীর্ঘদিন কাজ করেও পছন্দের চরিত্রের জন্য অপেক্ষা করতে হচ্ছে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। জনপ্রিয়তার পাশাপাশি রয়েছে কাজের অনিশ্চয়তা, স্ট্রাগল, আবার নতুন মাধ্যমে নিজেকে মেলে ধরার স্বপ্নও। জি ফাইভের সিরিজ ‘শ্বেতকালী’র দ্বিতীয় সিজন মুক্তির আগে নিজের অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি। অভিনেত্রীর কথায়, কাজ পাওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যোগাযোগ বাড়ানোর চেয়ে নিজের কাজের ওপরই বেশি ভরসা করেন তিনি।
তবে দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকার পরও ভালো কাজের জন্য অপেক্ষা করতে হওয়ায় মাঝে মধ্যে হতাশা আসে। বেশ কিছু সিরিজের প্রস্তাব নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অন্য অভিনেত্রীকে বেছে নেয়ার অভিজ্ঞতাও হয়েছে তার। মুম্বইয়ে গিয়ে কাজ করার পরিকল্পনা নেই ঐন্দ্রিলার। যে বাংলা ইন্ডাস্ট্রি তাকে পরিচিতি দিয়েছে, সেখানেই কাজ চালিয়ে যেতে চান তিনি। তবে দক্ষিণী ছবিতে অভিনয়ের ইচ্ছা রয়েছে। ছোট চরিত্র পেলেও নিজের সেরাটা দেয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অভিনেত্রী। টেলিভিশনে ফেরার বিষয়েও আপাতত খুব একটা আগ্রহী নন তিনি।
তার মতে, বর্তমানে ধারাবাহিকে যে ধরনের গল্প দেখা যাচ্ছে, তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। বরং নতুন ধরনের চরিত্র ও অভিনয়ের মাধ্যম খুঁজতে চান। অভিনয় জীবনের শুরুর দিকে উপার্জনের সাফল্য পেলেও এখন অর্থের তুলনায় ভালো কাজকেই বেশি গুরুত্ব দেন ঐন্দ্রিলা। পুজোর পরিকল্পনায় রয়েছে পরিবারের সঙ্গে ঠাকুর দেখা ও খাওয়াদাওয়া। তবে সিরিজ মুক্তির আগে কাজের ফলাফল নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে তার।
