শূন্যরেখায় মা’কে শেষ দেখা

ফন্ট সাইজ:

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে দুই দেশের শূন্যরেখায় ভারতে মারা যাওয়া মায়ের লাশ শেষবারের মতো দেখার সুযোগ পেলেন বাংলাদেশে থাকা মেয়ে। বিজিবি ও বিএসএফের সমন্বয়ে বৃহস্পতিবার দুপুরে সীমান্তের মেইন পিলারের কাছে এ ব্যবস্থা করা হয়। দুই দেশের সীমান্তরক্ষীদের এ উদ্যোগে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোছা. জায়রা (৭০)। প্রায় ৩৬-৩৭ বছর আগে বিবাহসূত্রে ভারতে বসবাস শুরু করেন। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সকালে মারা যান জায়রা।

মায়ের মৃত্যুর খবর পেয়ে মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের মেয়ে হাফিজা খাতুন তাকে শেষবারের মতো দেখার জন্য বিজিবি’র কাছে আবেদন করেন। পরে বিজিবি তার আবেদনে সাড়া দিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভবানীপুর সীমান্তের শূন্যরেখায় লাশ দেখানোর ব্যবস্থা করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুজিবনগরের ভবানীপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. শরিফুল। ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর এস কে রায়। মায়ের লাশ শেষবারের মতো দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন হাফিজা। তিনি বলেন, মায়ের লাশ দেখতে পেরে তিনি ও তার পরিবারের সদস্যরা খুশি।