কুমিল্লার সীমান্তে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লার সীমান্তে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফন্ট সাইজ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত দিয়ে মাদক উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের এক কনস্টেবল ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই)কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার রাত ১টায় মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৫ই অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি ডিউটি পার্টি সিএনজিচালিত অটোরিকশাযোগে রাতের দায়িত্ব পালনকালে শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিল।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ডিউটি পার্টির কনস্টেবল রোহিত দেওয়ান তাঁর পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা ওই কনস্টেবলকে আটক করেন।

পরে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়। এরপর সেখানে উপস্থিত বিএসএফ সদস্যরা দুই পুলিশ সদস্যকে হেফাজতে নেয়। ওই দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ব্রাক্ষণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, মাদক কারবারিকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। বিএসএফ এর সাথে কথা হয়েছে এবং তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আগামীকাল এ বিষয়ে কথা বলব।