মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহে ৩৫ লাখ ৯২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ১৫ হাজার টাকা। এ সময় ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। মামলা হয়েছে ৩৩টি। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত ২৯টি অভিযান চালানো হয়। এ সময় আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৮৫ কেজি ইলিশ মাছ।
পাটুরিয়া ঘাট, জাফরগঞ্জ, আলোকদিয়া, তেওতা ও আরিচা ঘাট এলাকায় এসব অভিযান চালানো হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, সরকারি নিষেধাজ্ঞার শেষ সময় পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে বলেন, সরকার থেকে ২৫ কেজি চাল পেয়েছেন তারা। এ চাল দিয়ে সংসার চলে না। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেই। এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি।
