গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ (বিডি) লিমিটেডের শ্রমিকেরা। শ্রমিকদের সরাতে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে নয়জন আহত হন বলে দাবি করেছেন শ্রমিকেরা। তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন ১০ই অক্টোবর পরিশোধের কথা থাকলেও তা দেয়া হয়নি। পরে ১৩ই অক্টোবর বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হলেও কর্তৃপক্ষ তা রক্ষা করেনি। বৃহস্পতিবার সকালে বেতন পরিশোধ না করে সাধারণ ছুটি ঘোষণার কথা জানতে পেরে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে শ্রমিকদের উস্কানি দেয়ার অভিযোগে শ্রমিক ফেডারেশনের পাঁচ প্রতিনিধিকে প্রায় চার ঘণ্টা কারখানার ভেতরে আটকে রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শ্রীপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পুলিশ শুধু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, কোনো গুলি চালায়নি। হুড়োহুড়ির কারণে কেউ আহত হয়ে থাকতে পারেন। বকেয়া বেতন পরিশোধ এবং শ্রমিকদের নিরাপত্তা নিয়ে এ ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
