আধুনিক সিলেট গড়তে চান বিকেএমের মেয়র প্রার্থী আতাউর রহমান

ফন্ট সাইজ:

সিলেট সিটি করপোরেশনকে জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ মাওলানা আতাউর রহমান। এজন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত সড়ক, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ডিজিটাল নাগরিক সেবা ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেছেন তিনি। বৃহস্পতিবার সিলেট নগরের তালতলায় একটি রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আতাউর রহমান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক সিলেটে এসে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন। এজন্য তিনি দলের আমীর ও দলের প্রতি কৃতজ্ঞতা জানান। নগরবাসীর সহযোগিতা নিয়ে নাগরিকবান্ধব মেয়র হিসেবে কাজ করতে চান তিনি। তিনি বলেন, যুক্তরাজ্যে অবস্থান করেও সিলেটের মানুষের অধিকার আদায় এবং বন্যা, শীত ও করোনাকালে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি ও তার সংগঠনের নেতাকর্মীরা।

নগরের সমস্যা তুলে ধরে আতাউর রহমান বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় সিলেট প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি। জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, যানজট ও অপর্যাপ্ত নাগরিক সেবা নগরবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ স্থাপনা, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাথ দখল, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি, খাল-ছড়া দখল এবং বিশুদ্ধ পানির সংকটও বড় সমস্যা। তিনি বলেন, দল-মত নির্বিশেষে নগরবাসীর সহযোগিতা নিয়ে সিলেটকে শান্তির, আধুনিক ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে চান। এজন্য নগরবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।