আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. জামাল উদ্দিন (৩৮) নামে এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। নিহতের বড় ভাই ইস্কান্দার আলী খান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) অনুযায়ী, গত বুধবার সকাল আনুমানিক ৯টা ০৩ মিনিটে আশুলিয়ার নরসিংহপুরে শারমিন গ্রুপের আটতলা ভবনের ছাদ থেকে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।
পরদিন বৃহস্পতিবার আশুলিয়া থানায় মামলা নথিভুক্ত করা হয়। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জামাল শারমিন গ্রুপের সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে তিনি কর্মস্থলে যান। পরে ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, কর্মস্থলে নিরাপত্তাহীনতা ও মানসিক নির্যাতনের বিষয়টি মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা। এজাহারে শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন এবং তার ছেলে পরিচালক শারাফ হোসেনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী ইস্কান্দার আলী খান তার ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটিকে অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
