দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ফন্ট সাইজ:

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। একইসঙ্গে বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের উপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, সমাজকে বাল্যবিবাহের অভিশাপ থেকে বেরিয়ে আসতে হবে। যারা এ আইন লঙ্ঘন করবে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

সভা শেষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে উপজেলার ৩০টি মন্দিরের সভাপতিদের মধ্যে চালের ডিও বিতরণ করা হয়। এ ছাড়া কৃষকদের মধ্যে চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার এবং খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।