রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম ও প্রত্যাবাসনের অগ্রগতি সম্পর্কে সরজমিন ধারণা নিতে উখিয়ার বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। বৃহস্পতিবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) সমন্বয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে ক্যাম্প-৬ এর রোহাং হেরিটেজ সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের ইতিহাস, সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য সম্পর্কে তাদের অবহিত করা হয়। পরে ক্যাম্প-৯ এর তুর্কি হাসপাতাল পরিদর্শন করে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন তারা। প্রতিনিধি দল ক্যাম্প-৪-এ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করে খাদ্যসহায়তা কার্যক্রমের বিষয়ে অবহিত হন। একই ক্যাম্পে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) যুব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্যরা। এ সময় রোহিঙ্গা তরুণদের উদ্বেগ, প্রত্যাশা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন তারা। প্রত্যাবাসনের লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে ইউএনএইচসিআর ও আরআরআরসি’র যৌথ যাচাই কেন্দ্র পরিদর্শন করেন তারা। সেখানে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট, মানবিক পরিস্থিতি এবং যাচাই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জাতিসংঘের সংস্থা এবং দেশি-বিদেশি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সংসদীয় কমিটির সদস্যরা। বৈঠকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সংকটের স্থায়ী সমাধানে সমন্বিত উদ্যোগের বিষয়গুলো উঠে আসে। পরিদর্শনে রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়। নিজ দেশে অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে ফিরে যাওয়াকেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের প্রধান পথ হিসেবে বিবেচনা করা হয়।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
