ঢাকার কেরানীগঞ্জে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার সময় চিনে ফেলায় ফলবরু (৮০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিরাজুল (৩৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সিরাজুলের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। গতকাল সকালে মডেল থানার কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ফলবরু ওই এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে ও মৃত লাল মিয়ার স্ত্রী। তিনি মেয়ের সঙ্গে থাকতেন। অভিযুক্ত সিরাজুল একই এলাকার মৃত মতিনের ছেলে। নিহতের ছেলে আব্দুল কুদ্দুস জানান, তার মা বোনের বাড়ির পাশেই ছোট ভাই ইদ্রিসের উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় সিরাজুল তার মায়ের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মা তাকে চিনে ফেলায় সঙ্গে সঙ্গে সিরাজুল ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। প্রতিবেশী বহর বাইয়া জানান, চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি বৃদ্ধার মরদেহ দেখতে পান। এ সময় কয়েকজন তাকে জানান, লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বৃদ্ধাকে হত্যা করে পালিয়ে গেছে। পরে সিরাজুলকে সন্দেহ হলে তার বাড়িতে গিয়ে লোকজন তাকে রক্তমাখা অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সিরাজুলের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং সিরাজুলকে গ্রেপ্তার করে।
কেরানীগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, আটক ১
স্টাফ রিপোর্টার কেরানীগঞ্জ থেকে
১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
