চট্টগ্রামে চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমন (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবারের করা মামলায় এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বাকলিয়া থানার ওসি মো. শাহীনূর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। নিহত ইমন বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা। এর আগে ইমনের ফুফু রেহানা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেছেন। মামলার এজাহার অনুযায়ী, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়। দোকানটি গ্রেপ্তার মিজানুর রহমানের ভাই নিজাম উদ্দিনের বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়, ইমনকে দোকানের ভেতরে আটকে রাখার পর মিজানুর এলাকার রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও অন্য আসামিদের খবর দেন। পরে তারা লাঠিসোটা দিয়ে ইমনকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাকে কল্পলোক মডেল মসজিদের দক্ষিণ পাশে সাজেদা ফাউন্ডেশনসংলগ্ন একটি খালি মাঠে নিয়ে আবারো মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। বাদীর অভিযোগ, পরে ইমনকে ওই আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি সেতুর নিচে ফেলে রেখে যাওয়া হয়। পরদিন দুপুর সাড়ে ১২টার দিকে রেহানা বেগম ও তার ছেলে মো. সবুজ সেখানে গিয়ে ইমনকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।