সিরাজগঞ্জে ৪০০ এলপিজি গ্যাস লুট, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুট হওয়া ৪০০ এলপিজি গ্যাসের মধ্যে ৪৮টি উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়। বুধবার দিবাগত রাতে শাহাজাহানপুর ও বগুড়া সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া জেলার শাহাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), সহকারী সাকিব হোসেন (২০) ও বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)। মামলা সূত্রে জানা যায়, গত ৭ই অক্টোবর রাত ৩টার দিকে উপজেলার চকনুর গ্রাম এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে ঢাকা মেট্রোর একটি ট্রাক ৪০০টি বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাসের বোতল লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ট্রাকটি রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত ১৫ থেকে ১৬ দুর্বৃত্ত পথরোধ করে। এ সময় তারা ট্রাকের চালক আসিফসহ গাড়িতে থাকা অন্যদের হত্যার হুমকি দেয় এবং দু’জন চালকের পাশের সিটে বসে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। ভোররাত ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থান সংলগ্ন ফাঁকা রাস্তায় থামিয়ে দু’টি মিনি ট্রাকে ৪০০ বোতল সিলিন্ডার গ্যাস, চালক ও সহকারীর কাছে থাকা তিনটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।