নেত্রকোণায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

নেত্রকোণায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সদর উপজেলার বাংলা ইউনিয়নের নয়াপাড়া বুইদ্দার জঙ্গলে এ ঘটনা ঘটে। নিহত রূপকন মিয়া (৪০) সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের গিটুর পাড়া গ্রামের হুসেন আলীর ছেলে। তিনি নেত্রকোণা পৌর শহরে অটোরিকশা চালাতেন ও কুরপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। গত বুধবার বিকালে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বাংলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের পাশে বুইদ্দার জঙ্গলে এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের স্ত্রী ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। পুলিশ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল সরকার বলেন, দুপুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত রূপকন মিয়ার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তার চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।