ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী ধরাকে কেন্দ্র করে হামলা হয়েছে স্টেশন মাস্টার ও এক টিকিট কলেক্টরের ওপর। মারধরে আহত হয়েছেন তারা। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্টেশনের কর্মচারীরা জানায়, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে আসা এক যাত্রীর কাছে টিকিট না থাকায় তাকে গেটে দাঁড় করান টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডল। এনিয়ে বিনা টিকিটের ওই যাত্রী তার সঙ্গে বচসায় লিপ্ত হন। পরে টিকিট কালেক্টর তাকে স্টেশনের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেসময় বিনা টিকিটের যাত্রীর ফোন পেয়ে আরও ১০-১২ জন সেখানে জড়ো হয়। ওই যাত্রী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেয়। ফাঁড়ি ইনচার্জ এসআই শাহআলম মিয়া তখন বিষয়টি মিটমাট করে দেন এবং বিনা টিকিটের যাত্রীকে ছেড়ে দেন। এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে বিনা টিকিটের ওই যাত্রী আবার ৮-১০ জনকে নিয়ে এসে হামলা চালিয়ে মারধর করে টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডলকে। স্টেশন মাস্টার সাকিল জাহানের কক্ষের সামনে সঞ্জিতকে মারধর করতে দেখে তিনি তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় সাকিলকেও মারধর করা হয়। ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকিল জাহান জানান, ট্রেনে বিনা টিকিটে আসা এক যাত্রীকে ধরায় টিকিট কালেক্টরকে মারধর করা হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে তিনিও হামলার শিকার হন।
এ বিষয়ে তারা অভিযোগ দিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, সাব-ইন্সপেক্টর মো. শাহআলম মিয়া জানান, সকালে বিনা টিকিটের এক যাত্রী দলবল নিয়ে এলে তিনি ঘটনাটি মিটমাট করে দেন। এরপর আবার দুপুরে এসে দু’জনকে মারধর করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
