আয়কর আদায়ে শীর্ষে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস

ফন্ট সাইজ:

জমি রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে দেশের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস। গত পাঁচ বছরে এ অফিসের মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। এর মধ্যে গত বছরই আদায় হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যায় ভুগছে গুরুত্বপূর্ণ এ সরকারি দপ্তর। এ সমস্যা সমাধানে অফিসটির জন্য আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। বক্তব্যে অতীতের অনিয়ম ও অব্যবস্থাপনার সমালোচনা করে দিপু বলেন, অতীতে এ অফিসকে কেন্দ্র করে লুটপাটের ঘটনা ঘটেছে।

বিভিন্ন এলাকায় জমি রেজিস্ট্রেশন বন্ধ রাখা এবং আবাসন কোম্পানির হাতে মানুষের পৈতৃক ভিটেমাটি তুলে দেয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ দপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন- সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মাসুম। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা ও মুজিবুর রহমান, মিল্ক ভিটার সহ-সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন এবং রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক নূর নবী ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।