সাতক্ষীরার শ্যামনগরে মাদকাসক্ত ছেলে রমেশ মণ্ডল (৩০)-এর হাত থেকে মা’কে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন চাচি সুধা রানী মণ্ডল (৫৫)। এ সময় জখম হয়েছেন ঘাতকের মা ও চাচাতো ভাই। ক্ষুব্ধ জনতা রমেশকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর পৌরসভা সদরের পারবাধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক রমেশ ওই গ্রামের ছিদাম মণ্ডলের ছেলে। নিহত সুধা রানী শ্যামনগর পৌর সদরের বাধঘাটা গ্রামের মধুসূদন মণ্ডলের স্ত্রী। আহতরা হলেন, নিহতের ছেলে সমীর কুমার মণ্ডল ও ঘাতকের মা কমলা রানী মণ্ডল। ঘাতকের মা আহত কমলা জানান, তার ছেলে রমেশ একজন মাদকাসক্ত। মাদক কেনার জন্য তার কাছে বিভিন্ন সময় টাকা চাইতো। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রমেশ তার কাছে আবারো টাকা চায়।
তিনি দিতে পারবেন না বলায় সে ক্ষুব্ধ হয়ে দা দিয়ে তাকে কোপ মারলে তার ডান হাতের একটা আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তাকে রক্ষায় তার দেবরের স্ত্রী সুধা রানী ও ছেলে সমীর এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুধাকে মৃত ঘোষণা করেন এবং কমলা ও সমীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে সমীরের অবস্থার অবনতি হলে তাকে সামেক হাসপাতালে ভর্তি করা হয়। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক রমেশকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
