বগুড়ার ধুনটে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়েরকৃত মামলায় ভ্যানচালক হাবিল হোসেন (২০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার বিকালে শিমুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনার দিন রাতেই শিশুটির বাবা ধুনট থানায় এ মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। হাবিল উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের চপল আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কওমী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে খেলার জন্য বের হয়। এ সময় ভ্যানচালক হাবিল শিশুটিকে ঘোরানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
