পুজোয় সিলেট নগর বিএনপি’র মনিটরিং ও ৭ তদারকি টিম

ফন্ট সাইজ:

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিলেট মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের সমন্বয়ে শান্তি-শৃঙ্খলা তদারকি কমিটি গঠন করা হয়েছে। নগর সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে থাকছে একটি মনিটরিং টিম। দলীয় প্রধানের নির্দেশে নগর বিএনপি’র তরফ থেকে এ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা। নগরের ৫২টি ওয়ার্ডকে ৭টি ভাগে বিভক্ত করে ৭টি পৃথক তদারকি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটি ৬টি করে ওয়ার্ডের দায়িত্বে থাকবে। বুধবার এসব কমিটি গঠন করা হয়। গতকাল সন্ধ্যায় প্রতিটি টিম তাদের কার্যক্রম নিয়ে বৈঠক করেছে। গঠিত কমিটির সদস্যরা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। সিলেট মহানগর বিএনপি’র নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মানবজমিনকে জানিয়েছেন, সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে বিএনপি’র নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তারা আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে। কোনো ধরনের গুজব, উস্কানি কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।