‘গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে’

‘গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে’

ফন্ট সাইজ:

বছর কি কারেন্টের গতিতে চলে যায়? সেদিন শুনলাম ২৫ বছর, শুনে অবাক হয়েছিলাম। আসলে অনেক ভালোবাসার মধ্যে থাকলে সময়টা আর বোঝা যায় না- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে নিজের দীর্ঘ ক্যারিয়ার ও দর্শকদের ভালোবাসা নিয়ে এভাবেই কথা বলেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে শক্তি করে এবার বিশ্ব জুড়ে বাংলা সিনেমার অবস্থান আরও শক্ত করার স্বপ্ন দেখছেন এই অভিনেতা। এ বিষয়ে শাকিব খান বলেন, ২৭ বছরে এত ভালোবাসা পেয়েছি যে, আমার মাঝে মাঝে মনে হয় আমাকে আরও অনেক ভালো কাজ করতে হবে, গ্লোবালি আরও অনেক বড় জায়গায় যেতে হবে; শুধুমাত্র তাদের জন্য, যারা আমাকে ভালোবেসে অন্ধের মতো সিনেমা দেখতে চায়।

দর্শকদের এই ভালোবাসাকেই নিজের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে দেখছেন শাকিব। তার মতে, বাংলাদেশের সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়ার যে যাত্রা শুরু হয়েছে, তা আরও বিস্তৃত করতে হবে। নিজের আন্তর্জাতিক সাফল্যের প্রসঙ্গ টেনে শাকিব বলেন, তিন-চার বছর আগে একটি ফ্লাইটে সাগর ভাই ও আফজাল ভাইয়ের সঙ্গে কথা বলার সময় নিজের স্বপ্নের কথা জানিয়েছিলাম। পরে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার পর তারা সেই স্বপ্নের কথা মনে রেখে একটি বড় লেখা লিখেছিলেন। শাকিবের ভাষায়, ‘প্রিয়তমা’ ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা; যেটি বিশ্বব্যাপী ভালো ব্যবসা করেছে।

এই সিনেমার মধ্যদিয়েই তার আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃশ্যমান করার স্বপ্নের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, আমি সব সময় বলতাম, পৃথিবীর সব বড় বড় ইন্ডাস্ট্রির সিনেমার পোস্টারের সঙ্গে মাল্টিপ্লেক্সে অফিসিয়ালি আমাদের বাংলা সিনেমার পোস্টারও দেখতে চাই। শাকিবের মতে, এখন ভালো সিনেমা মুক্তি পেলে শুধু বাংলাদেশ কিংবা আশপাশের দেশের সেল রিপোর্টেই সীমাবদ্ধ থাকতে হয় না। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের ইতালি ও ফ্রান্সের মতো দেশ থেকেও প্রবাসী দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখার খবর পাওয়া যাচ্ছে। তার কাছে এই সাফল্য দর্শকদের ভালোবাসারই বহিঃপ্রকাশ।