ভয়াবহ অভিজ্ঞতায় নীতি টেইলর

ভয়াবহ অভিজ্ঞতায় নীতি টেইলর

ফন্ট সাইজ:

স্কুলজীবনে বুলিং, প্রেমের সম্পর্কে শারীরিক নির্যাতন এবং অভিনয়ের সুযোগ পেতেই অনৈতিক প্রস্তাব- জীবনের নানা প্রতিকূল অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী নীতি টেইলর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এসব অজানা অধ্যায় তুলে ধরেন তিনি। ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’, ‘গুলাম’ ও ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া নীতি ‘হটারফ্লাই’কে দেয়া সাক্ষাৎকারে জানান, স্কুলে পড়ার সময় সহপাঠীদের কাছ থেকে নিয়মিত অপমান ও হয়রানির শিকার হতেন। তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হতো, বিভিন্ন স্থানে ফোন নম্বর লিখে রাখা হতো এবং গায়ে পানি ও খাবার ছুড়ে মারা হতো।

এসব ঘটনায় প্রায় প্রতিদিন কাঁদতেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’র প্রথম মৌসুমের শুটিংয়ের সময় চার বছরের একটি সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ওই সম্পর্কে সাবেক প্রেমিক তার পোশাক ও চলাফেরা নিয়ন্ত্রণ করতেন। এমনকি তাকে মারধর এবং সিগারেটের ছ্যাঁকা দেয়ার ঘটনাও ঘটে বলে দাবি করেন নীতি। সেই নির্যাতনের দাগ এখনো তার শরীরে রয়েছে। এ ছাড়া, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজের সময় এক পরিচালক নতুন সিনেমায় অভিনয়ের সুযোগ দেয়ার বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন বলে জানান তিনি। ঘটনায় হতবাক হয়ে পরিচালকের নম্বর ব্লক করেন এবং মা’কে সবকিছু জানান। নীতি বলেন, এসব অভিজ্ঞতা তার আত্মবিশ্বাসে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তার মতে, জীবনে নিজের আত্মসম্মান ও ব্যক্তিগত মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।