প্রথমবার ধারাবাহিকে ফারিন খান

প্রথমবার ধারাবাহিকে ফারিন খান

ফন্ট সাইজ:

একসময় সিনেমাতে অভিনয় করতেন। পরবর্তীতে নাটকে অভিনয়েই ব্যস্ত হয়ে উঠলেন। তিনি ফারিন খান। অল্পদিনের অভিনয়ের ক্যারিয়ারে বেশ কিছু ভালো গল্পের একক নাটকে অভিনয় করলেও এবারই প্রথম তিনি ইউটিউবের কোনো ধারাবাহিকে প্রথম অভিনয় করলেন। নাটকের নাম ‘প্রথম প্রেমের গল্প’। এটি নির্মাণ করেছেন তানভীর তন্ময়। এই নাটকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান। তার সহশিল্পী হিসেবে আছেন- নিলয় আলমগীর, হিমি, জাহিদ হোসেন শোভন, ফারজানা চুমকি’সহ আরও অনেকে। নাটকটির প্রথম পর্বের প্রথম দৃশ্যেই এক রহস্যময় হাসিতে পর্দায় উপস্থিত হয়ে দর্শককে চমকে দিলেন ফারিন।

তবে আগামী পর্বগুলো থেকে তার চরিত্র একটু একটু করে দর্শকের সামনে উপস্থিত হতে থাকবে। ফারিন খান বলেন, ‘প্রথম প্রেমের গল্প’ আমার অভিনীত প্রথম কোনো ধারাবাহিক নাটক। নাটকে আমার চরিত্রের গুরুত্ব এবং চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে বিধায় এই নাটকে আমি অভিনয় করছি, তাও আবার প্রথম ধারাবাহিক নাটক। এরই মধ্যে নাটকটির ১০ পর্ব নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামী মাসে নতুন লটের কাজ শুরু হবে। তবে প্রথম পর্বেই যে সাড়া পেয়েছি তাতে আশা করা যাচ্ছে, ধারাবাহিকটি এক অন্য উচ্চতায় চলে যাবে। কারণ লাখ লাখ ভিউ হচ্ছে। ভিউ এই সময়ে একটা বিরাট ফ্যাক্ট। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি নাফ এন্টারটেইনমেন্ট, নিলয় আলমগীর ভাই ও পরিচালক’সহ ‘প্রথম প্রেমের গল্প’ টিমের প্রতি।