বেলগ্রেড উৎসবে পুরস্কৃত ‘মাস্টার’

বেলগ্রেড উৎসবে পুরস্কৃত ‘মাস্টার’

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশের নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের দ্বিতীয় সিনেমা ‘মাস্টার’। ৫৩তম বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ছবিটি। ‘ওয়ার্ল্ড কম্পিটিশন’ বিভাগে এই সম্মান পেয়েছেন নির্মাতা সুমিত ও চিত্রনাট্যকার সাব্বির হোসেন শোভন। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির প্রশংসা করেছেন উৎসবের বিচারকরা। তাদের মতে, ছবিটিতে ব্যক্তিগত রূপান্তরের পাশাপাশি ক্ষমতার সঙ্গে মানুষের সম্পর্কের পরিবর্তনও দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে। এর আগে, ইতালির ২২তম লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্মের পুরস্কার অর্জন করে ‘মাস্টার’।

এ ছাড়া, ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি জিতে নেয় মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড। তবে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক স্বীকৃতি পেলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি সিনেমাটি। পরিচালক সুমিতের দাবি, আমলাতান্ত্রিক জটিলতা ও ছাড়পত্র-সংক্রান্ত বাধার কারণে আটকে আছে ছবিটির মুক্তি। ১৯৭১ সাল থেকে আয়োজিত হয়ে আসছে বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দীর্ঘ ঐতিহ্যের এই উৎসবে ‘মাস্টার’র অর্জন বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।