সুনামগঞ্জের তাহিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান নামে এক কয়লা ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা এবং তার সঙ্গে থাকা ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনন্দবাজার সংলগ্ন কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল মান্নান উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের লেদারবন্দ গ্রামের কাহের মিয়ার ছেলে। গুরুতর আহত মান্নানকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের ভাই আব্দুল মোতালিব বাদী হয়ে তাহিরপুর থানায় সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন।
জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুল মান্নানের সঙ্গে একই গ্রামের মুতলিব মিয়া গংদের বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় তিনি স্থানীয় আনন্দবাজারে যাওয়ার পথে লেদারবন্দ গ্রামের দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মুতলিব মিয়া (৪৫), জলিল মিয়া (৩৫), লতিফ মিয়া (৪৮), বাছির মিয়া (৫৩), সুমন মিয়া (২৫), শরীফ মিয়া (২২), আয়নাল মিয়াসহ আরও ৪ থেকে ৫ জন তার পথরোধ করে। একপর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে মাথা, কানসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তার সঙ্গে থাকা ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
আব্দুল মোতালিব অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার ভাই আব্দুল মান্নানকে আনন্দবাজারে যাওয়ার পথে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে অভিযুক্তরা। এদিকে অভিযুক্ত মুতলিব মিয়া বলেন, তুচ্ছ বিষয় নিয়ে তাদের ওপর মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত না। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। তিনি বলেন, কেউ মিথ্যার আশ্রয় নিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
