বরিশালে গৃহবধূকে পিটিয়ে হত্যা স্বামী-দেবর আটক

ফন্ট সাইজ:

বাবুগঞ্জে স্বামীর নির্যাতনে ঐশী আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী সোহেল খান (২৮) ও দেবর তানভীর খানকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঐশী এক মাস চারদিন আগে একটি পুত্রসন্তানের জন্ম দেন। সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ঐশীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বিয়ের পর থেকেই তাকে প্রায়ই মারধর করতেন সোহেল। তিন দিন আগে কথাকাটাকাটির একপর্যায়ে লোহার রড দিয়ে তার মাথা ও কপালে আঘাত করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে বাড়িতেই তার চিকিৎসা চলছিল। হাসপাতালের চিকিৎসক তূর্য্য অধিকারী জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঐশীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী ও দেবর। তার মাথা, কপাল ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে মস্তিষ্ক ও চোখে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান হাওলাদার জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে সোহেল ও তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।