ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে অন্যত্র সার বিক্রির অভিযোগে সুলতান মাহমুদ হোসেন (৪৮) নামে এক সার ডিলারকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকানে থাকা ১০ বস্তা সার জব্দ করে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়। সোমবার উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় বিসিআইসি সার ডিলার সুলতান মাহমুদ হোসেনের বিরুদ্ধে বরাদ্দকৃত সার অবৈধভাবে অন্যত্র বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে অভিযোগের দায়ে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকানে থাকা ১০ বস্তা সার জব্দ করে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
