সাবেক মন্ত্রী ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদের রক্তের পথ ধরে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। কিন্তু পতিত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। পরবর্তীতে ’২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশে আবারো হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তাই গণ-অভ্যুত্থানের এই অর্জন ধরে রাখতে হবে। এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। একটি ভঙ্গুর অর্থনীতিকে চাঙা করা এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমান উল্লাহ আমান সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ’৯০-এর গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে ঢাকায় পুলিশের গুলিতে নিহত তৎকালীন ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের গ্রামে তার কবর জিয়ারত করতে এসে উপস্থিত জনতা ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এমপি, খাইরুল কবির খোকন এমপি, বিএনপি নেতা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম বাচ্চু, জেলা বিএনপি’র সহ-সভাপতি কে এম শরফুদ্দিন মঞ্জু প্রমুখ। এর আগে আমান উল্লাহ আমান শহীদ জেহাদের কবরস্থানে ফুল দিয়ে তার বাড়ির সামনের রাস্তায় কয়েকটি গাছ রোপণ করেন এবং মিলাদ মাহফিলেও অংশ নেন।
