মেঘনায় মানববন্ধনের জবাবে বিএনপি’র সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি’র আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলী হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনকে ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি করেছে উপজেলা বিএনপি। সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে রমিজ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রমিজ বলেন, গত ৮ই অক্টোবর আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভা শেষে আলীর সঙ্গে তার সামান্য কথোপকথন হয়। তবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি।

রমিজের ভাষ্য, সভায় বক্তব্য দেয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার পর আলী বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ দেন। এতে রমিজের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার অভিযোগ আনা হয়। এদিকে, গত ১১ই অক্টোবর কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যানের স্বাক্ষরিত দলীয় প্যাডে রমিজকে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

রমিজ উদ্দিনের দাবি, সভায় বক্তব্য দেয়ার সুযোগ না পাওয়া নিয়ে আলী ইউএনও’র কাছে জানতে চান। তখন সভায় আমন্ত্রিত অতিথিদের তালিকায় তার নাম ছিল না বলে ইউএনও তাকে জানান। এরপর আলী উত্তেজিত হয়ে কথা বলতে থাকলে তিনি তাকে শান্ত হওয়ার অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শহিদুল ইসলাম ও আনিছুর রহমান, আব্দুল গাফফার, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, আবুল কাশেম চেয়ারম্যান ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম বলেন, আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারও শারীরিক লাঞ্ছনার অভিযোগ নাকচ করেছেন।