কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৫৩

ফন্ট সাইজ:

কুমিল্লার ১৮ থানায় পুলিশের কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টা হতে গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে ৩৫৩ জনকে আটক করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাং বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানা এবং ডিবি পুলিশের একযোগে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। এই অভিযানে আটক ৩৫৩ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উঠতি বয়সী কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে অপ্রতিম হত্যার পর পরই জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আলোচনায় উঠে আসে। পরে ২৩শে সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় একযোগে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কিশোর গ্যাং বিরোধী অভিযান শুরু হয়। জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য মতে, সর্বশেষ পাঁচ ধাপের অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। এদের অধিকাংশই ছাত্র। বাকি ৬২৬ জনকে বিভিন্ন অপরাধ সংশ্লিষ্টতায় আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন ইউনিট কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে।