ট্রাকের ধাক্কায় শিক্ষিকা নিহত

ফন্ট সাইজ:

সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় শামীমা নাসরিন নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহত শামীমা বৈকারী গ্রামের জালালউদ্দীনের মেয়ে। তিনি ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সোমবার সকালে স্বামীর মোটরসাইকেলে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন শামীমা। পথে বৈকারী এলাকার মোল্যা বাড়ির মোড়ে মোটরসাইকেলটি বাম দিকে মোড় নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করে জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।