রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। গতকাল রাজনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং উপকারভোগী নির্বাচনের সম্ভাব্য মানদণ্ড বা ক্রাইটেরিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে তিনটি নির্ধারিত ওয়ার্ডে তথ্য সংগ্রহ ও উপকারভোগী পরিবারের তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হবে। নির্ধারিত ওয়ার্ডগুলো হলো ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, কামারচাক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং মুন্সিবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলি অনুসরণ সঠিক তথ্য যাচাই বাছাই এবং প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করে পরবর্তী সময়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেন শাহ, রাজনগর প্রেস ক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, উপদেষ্টা আব্দুল আজিজ সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, সহযোগী সদস্য জুয়েল আহমদ প্রমুখ।