কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. বিল্লাল হোসেন (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। গতকাল দুপুরে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ই অক্টোবর রাত ১০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন ধর্মদাহ মাঠে বিজিবি’র টহল দল অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মো. বিল্লাল হোসেন ভারতীয় ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক মাদক কারবারি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
অপরদিকে রোববার দিবাগত রাত ১২টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর এলাকার পদ্মা নদীর পাড়ে বিজিবি’র টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৮৬ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে যথাযথ দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
