নব্বই’র স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ কেএম নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। সোমবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে পৌঁছান তিনি। কবর জিয়ারতের পর জেহাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আমানউল্লাহ আমান।
এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি’র যুগ্ম মহাসচিব, ডাকসু’র সাবেক জিএস ও বর্তমানে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবীর খোকন, সাবেক সংসদ ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি কেএম শরফুদ্দিন মঞ্জু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আমানউল্লাহ আমান বলেন, কেবল জেহাদের মৃত্যু দিবসে স্মরণ এবং তার কবর জিয়ারতের মধ্যে থাকলেই চলবে না, তার আত্মত্যাগের শিক্ষাটাকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের সবাইকে উজ্জীবিত হতে হবে। এর আগে শনিবার (১০ই অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শহীদ কেএম নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা। শহীদ জেহাদ ১৯৯০ সালের ১০ই অক্টোবর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে নিহত হন। তার রক্ত স্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণ-অভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।
