বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফন্ট সাইজ:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে চালক। গতকাল সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঢাকামুখী লেনে ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। এতে মোটরসাইকেলে থাকা দু’জন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে আহত ফারদিন (১৭) ও মিঠু (২২) কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে ফারদিনের মৃত্যু হয়। নিহত ফারদিন শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকার মো. মিলনের ছেলে। আহত মোটরসাইকেল চালক মিঠু শ্রীনগরের বাঁশপট্টি এলাকার মৃত সামছুলের ছেলে। হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল রানা জানান, শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।