চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত রোববার রাত সোয়া ৯টার দিকে সীমান্ত মেইন পিলার ৬৭ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানসহ তাকে আটক করা হয়। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক সেলিম উপজেলার সদরপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের বারগুলোর আনুমানিক ওজন ৫৭৪.৫১ গ্রাম। চুয়াডাঙ্গা জুয়েলারি সমিতির মাধ্যমে স্বর্ণের বার পরীক্ষা করার পর সিজার মূল্য আনুমানিক এক কোটি এক লাখ ছেচল্লিশ হাজার টাকা। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) আরও জানিয়েছে, আসামি সেলিমকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
