রংপুর নগরীর অবকাঠামো ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে ১৮শ’ কোটি টাকা একনেকে অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রংপুরে সমাবেশ হয়েছে। সোমবার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন— সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. মাহফুজ-উন-নবী ডন। এ সময় উপস্থিত ছিলেন— মহানগর বিএনপি’র সিনিয়র সদস্য কাওছার জামান বাবলা, বিএনপি নেতা ডা. নিখিলেশ চন্দ্র গুহ রায়, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ।
সিটি করপোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী ডন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনের আগে রংপুরের জনসভায় বলেছিলেন উন্নয়ন বঞ্চিত রংপুরকে এগিয়ে নেবেন। তিনি দেশ পরিচালনার দায়িত্বভার পাওয়ার পর রংপুর নগরীর অবকাঠামো উন্নয়নে এক হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২১০ কোটি ৪৯ লাখ টাকার প্রকল্প একনেকে অনুমোদন করেছেন। এই প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়িত হবে। এতে করে যেসব নাগরিক সমস্যা রয়েছে তা দূরীভূত হবে এবং নগর জীবনে স্বস্তি ফিরে আসবে।
তিনি বলেন, এসব প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য থেকে বাস্তবায়ন করা হবে। নগরবাসীর জন্য এসব প্রকল্প বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি রংপুর নগরবাসী আস্থা রাখলে আগামী ১৮শ’ কোটির চেয়েও বড় বড় বরাদ্দ রংপুর সিটি করপোরেশনে আসবে। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
