বগুড়ায় হত্যা মামলায় শিশুর ১৩ বছরের আটকাদেশ

ফন্ট সাইজ:

বগুড়ার শিশু আশিক হত্যা মামলায় জড়িত এক শিশুকে ১৩ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। দুটি ধারায় বগুড়া শিশু আদালত-১-এর বিচারক আনোয়ারুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সুফিয়া বেগম কোহিনূর। আটকাদেশপ্রাপ্ত শিশু শিমুল আহম্মেদ কাওছার বগুড়ার শাজাহানপুর উপজেলার পরাণবাড়িয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের শিকার শিশু শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিক একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে বাবুলের ছেলে।

জানা গেছে, ২০২৩ সালের ৪ঠা ফেব্রুয়ারি মাছের মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আশিক। পরদিন গ্রামের পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, ৪০০ টাকার বিরোধকে কেন্দ্র করে শিমুল আহম্মেদ কাওছার তার বন্ধু সাহান ও রাজা বাবুকে সঙ্গে নিয়ে আশিককে পাশের একটি বেগুনক্ষেতে নিয়ে যায়। সেখানে ধারালো চাকু দিয়ে আঘাত ও গলা কেটে তাকে হত্যা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সুফিয়া বেগম কোহিনূর বলেন, মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আনোয়ারুল ইসলাম শিশু আইনের পৃথক দু’টি ধারায় এ আটকাদেশ দেন। মামলার অপর আসামিদের বিচার অতিরিক্ত দায়রা জজ আদালতে চলমান রয়েছে।