গাজীপুরে একটি কম্পোজিট কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে ও কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের দাবি সমাধানের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় এএমসি নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়। পরে সাড়ে ১০টার দিকে তারা মেম্বারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শ্রমিকদের অভিযোগ, সোমবার সকালে তারা কারখানার প্রধান ফটকের পাশে জড়ো হওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও কারখানার ঝুঁট ব্যবসায়ীরা তাদের বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। এ কারণে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, হঠাৎ করেই কারখানায় দুইদিনের ছুটি ঘোষণা করা হয়। পরে গত শনিবার কারখানার সামনে লে-অফ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়া হয়। তবে লে-অফ ঘোষণার আগে তাদের পাওনা এবং ভবিষ্যৎ কর্মপরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেন তারা। শ্রমিকদের দাবি, কারখানাটি পরবর্তী সময়ে চালু হবে কিনা, সে বিষয়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
কারখানা সূত্র জানায়, পর্যাপ্ত উৎপাদনকাজ না থাকা এবং বয়লারের সমস্যার কারণে গত ১০ই অক্টোবর থেকে কারখানাটির গার্মেন্টস ও কাটিং বিভাগে (ইউনিট-২) কর্মরত প্রায় ৫৮৫ জন শ্রমিকের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান বলেন, সকালে অল্প কিছু সময়ের জন্য শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
