পেকুয়ায় ডাকাতির অভিযোগ, গুলিবিদ্ধ ৩

ফন্ট সাইজ:

কক্সবাজারের পেকুয়ায় সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় প্রায় ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করিয়ারদিয়া পুরাতন ঘোনায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালী থেকে আসা একদল সশস্ত্র ব্যক্তি রাতে মাছের ঘেরের পাহারাদারদের ওপর হামলা চালায়।

এ সময় পাহারাদাররা প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীরা গুলি ছোড়ে। এতে শাহাবুদ্দিন, ইসমাইল ও জয়নাল নামে তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়দের অভিযোগ, মহেশখালীর নলবিলার কবির বাহিনী ও বাবু বাহিনীর লোকজন এ হামলার সঙ্গে জড়িত। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সরকারি হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, হামলাকারীরা ঘটনাস্থল থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের কাছে ডাকাত আটকের বিষয়ে এবং মামলা রেকর্ড হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা ডাকাতি নয়, মারামারি।