১লা অক্টোবর মানবজমিন অনলাইনে প্রকাশিত ‘মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার।
৪ঠা অক্টোবর স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রের ব্যাখ্যায় বলা হয়, জেলা পরিষদ মৌলভীবাজারের ঠিকাদার বিএনপি নেতা তোফায়েল আহমদের নেতৃত্বে ওইদিন প্রেস ক্লাবে সামনে একটি মানববন্ধন পালিত হয়। এতে তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের দোসর ও দুর্নীতি অভিযোগ আনা হয়। তার দাবি, মূলত রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজারের ভবন নির্মাণ প্রকল্পটিতে আর্থিক অনুমোদন নেই— এমন কিছু কাজের বিল নেয়ার জন্য ওই ঠিকাদার চাপ দিচ্ছিলেন। সরকারি বিধিমালার মধ্যে না পড়ায় তিনি ওই বিল প্রদান করেননি। এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কয়েকজন ঠিকাদার মানববন্ধন কর্মসূচি পালন এবং মিথ্যা বক্তব্য দেন। শামীমা খন্দকার আরও বলেন, অনিয়ম বা দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং চাকরিতে সমস্যা করার জন্যই ওই
কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়া প্রকাশিত সংবাদে সংশ্লিষ্ট রিপোর্টার তার পুরো বক্তব্য তুলে ধরেননি বলেও তিনি দাবি করেন।
