ছাত্রদলের পাহারায় রাউজানে নিষিদ্ধ ছাত্রলীগের রোটনের দাফন

ছাত্রদলের পাহারায় রাউজানে নিষিদ্ধ ছাত্রলীগের রোটনের দাফন

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনকে চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজা ও দাফন ঘিরে এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

এর আগে সোমবার সকাল ১১টার দিকে গহিরায় নিজ বাড়ির উঠানে রোটনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা ও দাফনে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। রোববার দিবাগত রাত ২টার দিকে রোটনের মরদেহবাহী গাড়ি গহিরার বক্স আলী চৌধুরী বাড়িতে পৌঁছায়। এ সময় বিএনপি’র নেতারা মরদেহ গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন। জানাজা ও দাফন ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে গভীর রাত থেকেই গহিরা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, জানাজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিন প্লাটুন পুলিশ ও এক প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোটনের দাফন সম্পন্ন হয়।

দাফনের কাজ তদারককারী গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও প্রতিবেশী জুয়েল চৌধুরী বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও রোটন মানুষ হিসেবে ভালো ছিলেন। তিনি দেশের বড় মাপের রাজনীতিবিদ ছিলেন। রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করেছেন। মানবিক বিবেচনায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে তারা রোটনের জানাজা ও দাফন সম্পন্ন করতে সহযোগিতা করেছেন।
রোটনের বড় ভাই নাসিবুল হায়দার চৌধুরী মিল্টন তার ভাইয়ের জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সবাই আমার ভাইকে ক্ষমা করে দেবেন ও দোয়া করবেন।’