সার ডিলারশিপ না পেয়ে আল্লাহ্‌র কাছে বিচার দিলেন যুবদল নেতা

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় সার ডিলারশিপ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুর রহমান সিকদার। নতুন পাঁচজন সার ডিলারের তালিকায় নিজের নাম প্রকাশিত হলেও শেষ পর্যন্ত ডিলারশিপ পাননি বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আল্লাহ্‌র কাছে বিচার চেয়েছেন এই যুবদল নেতা। সাইফুরের অভিযোগ, দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেও এখন তারা অবহেলিত। তার ডিলারশিপ বাতিল করে পার্শ্ববর্তী ইউনিয়নের এক জামায়াত নেতার মেয়ের জামাতাকে দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও অভিযোগ করেন, নতুন পাঁচজন সার ডিলারের মধ্যে পার্শ্ববর্তী ইউনিয়নের এক জামায়াত নেতার ভাইও ডিলারশিপ পেয়েছেন।

একই পরিবারের সদস্যদের নামে পুরনো ও নতুন মিলিয়ে বর্তমানে তিনটি সার ডিলারের লাইসেন্স রয়েছে বলেও দাবি করেন তিনি। সাইফুর লেখেন, ডিলারশিপের জন্য তিনি কারও কাছে গিয়ে আকুতি-মিনতি করেননি। শুধু আবেদন করার বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেছিলেন। এর আগেও একাধিকবার ডিলারশিপের জন্য আবেদন করলেও নাম না আসায় তিনি কোনো মন্তব্য বা প্রতিবাদ করেননি। তার ভাষ্য, পত্রিকায় প্রকাশিত পাঁচজনের তালিকায় নিজের নাম দেখে শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা তাঁকে ফোন করে অভিনন্দন জানান। একজন ত্যাগী বিএনপি কর্মী সার ডিলারশিপ পেয়েছেন, এমন খবরে অনেকে খুশি হয়েছিলেন। পরে ডিলারশিপ না পাওয়ার বিষয়টি জানাতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, উপরে মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিন একজন তো আছেন। বিচার মহান আল্লাহ্‌কে দিলাম।