মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। এ মামলা থেকে ৭ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। সোমবার দুপুরে মামলার রায় দেন অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক শামসাদ বেগম। মামলার প্রধান আসামি ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
জানা যায়, ২০০৮ সালের ১২ই জুন সকালে সদর নারাইনপাশা এলাকার চায়ের দোকানদার দুরুদ মিয়া দোকান (বাকি) পাওনা টাকা ১ হাজার ২৬৩ টাকা ছাদিকের কাছে চান। এতে ছাদিক ক্ষিপ্ত হয়ে কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে দুরুদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ১২ই জুন রাত সাড়ে ১১টায় নিহতের ছেলে মকবুল মিয়া ৮ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ছাদিককে মৃত্যুদণ্ড প্রদান করেন।
এ ছাড়া তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া, আছাব মিয়াকে খালাস দেয়া হয়। নিহতের স্বজনরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো. বিল্লাল হোসেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট নিয়ামুল হক রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের কাজে সহযোগিতার জন্য আদালতে মামলার জট কমাতে কম সময়ে সাক্ষীদের এনে দ্রুত সময়ে রায় হচ্ছে।
