দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের উপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানসহ চারটি যানবাহনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আনোয়ার হোসেন। দুর্বৃত্তরা সড়কের মাঝখানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী চারটি যানবাহন আটকে পড়ে। আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান, একটি প্রাইভেটকার, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী একটি গাড়ি। পরে যানবাহনগুলোতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।
তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং কতো টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। আনোয়ার হোসেন বলেন, আমরা ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের দাবি, সড়কে রাতের নিরাপত্তা জোরদার করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হোক।
