নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে চালক রাজনকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত দেড়টার টার দিকে উপজেলার রূপসী বাগবাড়ী ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ এলাকাবাসীর সহায়তায় ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করে। এ সময় আহত হয় এক পুলিশ সদস্য। নিহত রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে কয়েকজন যুবক যাত্রীবেশে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশাটি ভাড়া নেয়। পরে বাগবাড়ী ব্রিজ এলাকায় পৌঁছলে অটোরিকশাটি ছিনিয়ে নিতে চালকের উপর হামলা চালায় তারা। এ সময় রাজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের পর গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দ্রুতগতিতে অটোরিকশা ছুটতে গেলে তাদের পিছু নেয় পুলিশের টহলদল। এ সময় অটো ছিনতাইকারীরা অটোরিকশা দিয়ে পুলিশের গাড়িকে চাপ দিলে গাড়ি উল্টে গুরুতর আহত হয় এক পুলিশ সদস্য। পরে তারাবো বিশ্বরোড এলাকার পুলিশ চেকপোস্টের এলাকাবাসীর সহায়তায় অটোরিকশাসহ ঘাতক ফয়সাল মিয়া ও জামাল হোসেনকে আটক করে পুলিশ। আটক ফয়সাল রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের রাজা মিয়ার ছেলে এবং জামাল নোয়াখালী সদরের করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
