মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে বাবা হাবেল আলী (৭০)কে কুপিয়ে হত্যা করেছে ছেলে সাহাবুল ইসলাম (৪০)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাবাকে বাড়িতে একা পেয়ে ছেলে সাহাবুল মাংস কাটার ডাসা দিয়ে কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।
পরে প্রতিবেশীরা তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
এদিকে ঘটনার পর পরই মেহেরপুর সদর থানা পুলিশ সাহাবুলকে আটক করে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
