নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার, আটক ৪

ফন্ট সাইজ:

জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ে সড়কের পাশে ঝোপ থেকে রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কামালপুর হাইওয়ে সড়কে একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। নিহত রোজিনা বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রোজিনা নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে স্বজনেরা মরদেহটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।