স্ত্রীর লাশ বাড়িতে রেখে নামাজে গিয়ে স্বামীরও মৃত্যু

ফন্ট সাইজ:

নড়াইলে স্ত্রীর লাশ বাড়িতে রেখে ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদে রোমান (৬০) নামে এক মুয়াজ্জিনেরও মৃত্যু হয়েছে। গত শনিবার নড়াইল সদর উপজেলার মালিডাঙ্গা গ্রামে দিবাগত রাত ২টার দিকে স্ত্রীর মৃত্যু হয়। পরে রোববার ভোরে মাত্র সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে স্বামীরও মৃত্যু হয়। পরে গত রোববার একইসঙ্গে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার তাদের স্থানীয় কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয়েছে।

নড়াইলের তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের কলেজশিক্ষক আব্দুর রাজ্জাক জানান, মালিডাঙ্গা গ্রামের রোমানের স্ত্রী প্রায় ৭ বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। এমন পরিস্থিতিতে গত শনিবার রাত ২টার দিকে তিনি বাড়িতে মারা যান। ঘরে স্ত্রীর মরদেহ রেখে রোমান ভোরে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান। এ সময় নামাজের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে তাদের জানাজা শেষে দাফনের আনুষ্ঠানিকতা বাকি রাখা হয়। সিদ্ধান্ত হয় তাদের ছেলে কুয়েতপ্রবাসী জসিম দেশে আসলে সোমবার দাফন সম্পন্ন করা হবে। সে হিসেবে সোমবার দাফন সম্পন্ন করা হয়েছে। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে তাদের পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।