ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে তেলাপোকা জনতা পার্টি ও সহযোগী সংগঠনের বিক্ষাভ-আন্দোলনের প্রথম দিন শনিবার দিল্লি অচল করে দিয়ে পুলিশ যে সব পদক্ষেপ নিয়েছিল তার সবগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না বলেও আদালত নির্দেশ দিয়েছে। এতে সরকার পড়েছে প্রবল অস্বস্তিতে।
সিজেপির সমর্থক, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ সংক্রান্ত এক শুনানিতে সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে—যেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক না করা হয় এবং রাজধানীতে অবাধ চলাচলের ব্যবস্থা পুনর্বহাল করা হয়। বিচারপতিরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কেবল প্রয়োজন হলেই বিধিনিষেধ আরোপ করা যাবে। যদি না তা 'অত্যন্ত জরুরি' হয়, তবে সমস্ত ব্যারিকেড সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে যে, আইন অনুযায়ী ইন্টারনেট পরিষেবা অব্যাহত রাখতে হবে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩ এর ১৬৩ নম্বর ধারা—যার মাধ্যমে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়—তা প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছে আদালত।
রোববার সুপ্রিম কোর্টের বিশেষ শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনার বেঞ্চ বলেছে, সিজেপি'র বিক্ষোভের ডাক সত্ত্বেও আইনশৃঙ্খলার স্বার্থে প্রয়োজনীয় নিয়ন্ত্রণের শর্তসাপেক্ষে মানুষের অবাধ চলাচলের বিষয়টি স্বাভাবিক রাখা উচিত।
শুক্রবার আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল—এটা নিশ্চিত করতে যে, বিক্ষোভের কারণে ১০ অক্টোবর দিল্লিতে আসা মেট্রো ও ট্রেন চলাচলের ওপর যেন কোনো 'সম্পূর্ণ নিষেধাজ্ঞা' না থাকে। আদালত স্পষ্ট জানিয়েছিল, সবকিছুকে এভাবে স্তব্ধ করে দেওয়া যায় না। কিন্তু মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখা হয়েছিল, যাকে আবেদনকারী ও আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী আদালতের অবমাননা বলে অভিহিত করেছেন।
আদালত জানিয়েছে, মানুষের বিক্ষোভ দেখানোর অধিকার রয়েছে, তবে তা 'পুলিশ আইন'-এর আওতাভুক্ত হতে হবে। সুপ্রিম কোর্টের মতে, 'আপনাদের বিক্ষোভ দেখানোর অধিকার আছে—এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু বিক্ষোভ প্রদর্শনের পদ্ধতিটি অবশ্যই পুলিশ আইনের মধ্যে হতে হবে।'
বিচারপতি বাগচী আবেদনকারীকে বলেন- তারা এমনটা দাবি করতে পারেন না যে, তাদের বিক্ষোভ দেখানোর অধিকার পুলিশ আইনের ঊর্ধ্বে। এরপর সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আটক-সংক্রান্ত ঘটনা ও তার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে নোটিশ জারি করেছে। আদালত মঙ্গলবার নাগাদ এ বিষয়ে একটি প্রতিবেদন (কমপ্লায়েন্স রিপোর্ট) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
